জয় পেয়েছে গুজরাট লায়ন্স

ক্রীড়া ডেস্ক : গুজরাট লায়ন্সের ডোয়াইন স্মিথ ৩৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৪ রান করে জয়ের ভীত গড়ে দেন। ৩৯ রান করেন সুরেশ রায়না। অপরাজিত ৩৫টি রান করেন দিনেশ কার্তিক। আর ২৯ রান করেন ইশান কিশান।

তার আগে কিংস ইলেভেন পাঞ্জাবের হাশিম আমলা ৬০ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ১০৪ রান করেন। আর শন মার্শ ৪৩ বলে ৬টি চারে করেন ৫৮ রান।

রোববার রাতে গুজরাট লায়ন্সের বিপক্ষে আইপিএলের চলতি আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন হাশিম আমলা। তার সেঞ্চুরি (১০৪) ও শন মার্শের ৫৮ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় কিংস ইলেভেন পাঞ্জাব। ১৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট লায়ন্স।

এ জয়ের ফলে ১২ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে গুজরাট  লায়ন্স। ১১ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। প্লে-অফে খেলার কিছু আলো এখনো দেখতে পাচ্ছে পাঞ্জাব।