ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমত উড়ছে ম্যানচেস্টার সিটি। লিগের শক্তিশালী প্রতিপক্ষরাও সিটিজেনদের জয়রথ থামাতে পারছে না। সবশেষ ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
লিগে গতকাল ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহামকে স্বাগত জানায় ম্যানসিটি। ঘরের মাঠের জয়ে ম্যানসিটির জয়ে একটি করে গোল করেছেন নিকোলাস ওটামেন্ডি ও ডেভিড সিলভা। অন্যদিকে সফরকারী ওয়েস্টহামের হয়ে গোল পেয়েছেন ওগবোন্না। মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত ম্যানসিটির লিগে এটা টানা ত্রয়োদশ জয়।
শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও চেনা মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল ম্যানসিটি।বিশ্রামে যাওয়ার কিছুক্ষণ আগে (৪৪ মিনিট) গোল খেয়ে বসে ম্যানসিটি। এ সময় সফরকারীদের এগিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার আঞ্জেলো ওগবোন্না।
বিশ্রাম শেষে ম্যাচের ৫৭তম মিনিটে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুসের নিচু করে বাড়ানো বলে দলকে সমতায় ফেরান আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। আর ৮৩তম মিনিটে কেভিন ডি ব্রুইনের সহায়তায় ম্যানসিটির জয়সূচক গোলটি করেন ডেভিড সিলভা।
ইংলিশ লিগে ১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। আর আর্সেনাল ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার পঞ্চম স্থানে।


