ঝুঁকি নিয়ে গাড়ি আনতে ঢাকায় যাচ্ছেন ৩৬ জন

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। প্রশাসন, পুলিশ- সবাই তৎপর মানুষকে ঘরে ঢোকাতে। সামাজিক দূরত্ব নিয়ে সরব গণমাধ্যম।
এতসব কার্যক্রমের মধ্যে চট্টগ্রামের ১২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সরকারি বরাদ্দের গাড়ি আনতে করোনা ঝুঁকি নিয়ে ঢাকায় যেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগেই সরকারি বরাদ্দের গাড়ি পেলেও অন্য ১২টি উপজেলায় তা ছিলো না।
বুধবার (১৫ এপ্রিল) এসব উপজেলার জন্য ১২টি সরকারি গাড়ি বরাদ্দ দেবে সরকার। যা আনতে প্রতি উপজেলা থেকে ২ জন ড্রাইভার এবং ১ জন মেডিক্যাল সংশ্লিষ্ট ব্যক্তিসহ মোট ৩৬ জনকে ঢাকা যেতে হবে মঙ্গলবার রাতে। কিন্তু করোনা পরিস্থিতিতে যেখানে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে, সেখানে ঝুঁকি নিয়ে ৩৬ জন ব্যক্তির ঢাকা যাওয়া মেনে নিতে পারছেন না তাদের পরিবারের সদস্যরা।
এসব পরিবারের দাবি, এমন পরিস্থিতিতে ঢাকায় যাওয়া আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাছাড়া ঢাকায় করোনা সংক্রমণের প্রকোপ বেশি। এ অবস্থায় কেউ করোনায় আক্রান্ত হলে এর দায়ভার কে নেবে? চালক ও মেডিক্যাল সংশ্লিষ্টরা বলছেন, আমাদেরও পরিবার রয়েছে। এতবড় ঝুঁকি নিয়ে ঢাকা যাওয়ার প্রয়োজন কি? তাছাড়া এতদিন পুরোনো গাড়ি দিয়ে চলতে পারলে আরও কয়েকদিন চলতে পারবে না কেন?
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাবেদ বলেন, ঝুঁকির বিষয়টি আমরা বলেছি। কিন্তু উপর মহল থেকে এখনই কেনো তারিখ নির্ধারণ করলো তা আমার জানা নেই। গাড়িগুলো পরে হস্তান্তর করলেও হতো।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য গাড়ি দেয়া হচ্ছে। আগে দুটি উপজেলা নিয়ে এসেছে। এখন পরবর্তী উপজেলাগুলো গাড়ি আনতে যাবে।
ঝুঁকি নিয়ে গাড়ি আনতে যেতে অনেকে অনীহা প্রকাশ করছে- এমন বিষয়টি তিনি জানেন কিনা জানতে চাইলে সিভিল সার্জন বলেন, বিষয়টি আমার জানা নেই। তাছাড়া এখনতো আর তারিখ পরিবর্তনের সুযোগ নেই। কারণ গাড়িগুলো গ্রুপ ভিত্তিকভাবে দেওয়া হচ্ছে।