টঙ্গীতে খ্রিষ্টান পাদ্রীর বিরুদ্ধে সমকামিতার পাল্টা অভিযোগ ছাত্রলীগ নেতা সৌরভের বিরুদ্ধে মামলা নিয়ে ওসি এখন চাপে

এস,এম মনির হোসেন জীবন : খ্রিষ্টান পাদ্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা নিয়ে চাপে রয়েছেন টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার। আলোচিত ঘটনায় ওসি অতি উৎসাহী ভূমিকা রাখেন বলে আটক ছাত্রলীগ নেতা সৌরভের পরিবার অভিযোগ করেছে। এঘটনার পর টঙ্গীতে এখন ব্যাপক আলোড়ন ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
সৌরভের বাবা গোলাম কবির ছেলেকে নির্দোষ ও ঘটনার নিরপেক্ষ তদন্দ দাবী করে জানান, কথিত অপহরণের ঘটনায় খ্রিষ্টান পাদ্রী মামলা করতে রাজি ছিলেন না। তার মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্র ফেরত পেয়ে থানায় আপসনামা জমা দিয়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু ওসি রাজি না হওয়ায় তিনি অবশেষে মামলা করতে বাধ্য হন। এ ঘটনায় ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ সৌরভকে দলীয় পদ থেকে বহিস্কার করেছে। সৌরভের স্বজনদের দাবী, ঘটনার সময় বিরোধ মিটাতে গিয়ে পরিস্থিতির শিকার হন সৌরভ।
সৌরভের ছোট ভাই শিশির খ্রিষ্টান পাদ্রীকে সমকামী দাবী করে জানান, সোমবার টঙ্গীর পাগাড় এলাকায় জয়নাল (২৬), মজু (২০), জেমস (২২) ও হাসান বিল্লাল (২৫) এ চারজন এক ব্যক্তির হামলায় আহত হয়। হামলাকারী তাদের ছিনতাকারী অবহিত করে লোকজন জড়ো করেন। বিপদ দেখে জয়নাল সাহায্য চেয়ে সৌরভকে ঘটনাস্থলে যেতে বলে। কি নিয়ে হামলার ঘটনা ঘটেছে সৌরভ জানতো না। তিনি আহতদের চিকিৎসার জন্যে একটি মোটরসাইকেলে করে টঙ্গী হাসপাতালে পাঠান। এক পর্যায়ে হামলাকারীকে একটি চড় মারেন। এ সময় ওই ব্যক্তি জানায় তার নাম শিশির নাতালে গ্রেগরী এবং ঢাকার কাকরাইল গীর্জার ফাদার। পাগাড়ের ওই এলাকাটি খৃষ্টান অধ্যুসিত। ফাদারের পরিচয় জেনে খৃষ্টানরা সৌরভকে পাকড়াও করে মারধর করে এবং পাশের প্রভু যীশুর গীর্জায় আটকে রেখে টঙ্গী থানায় খবর দেয়। রাত ৮টার দিকে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। রাতে ফাদারকে মোবাইল ফোনে বোনের অসুস্থতার খবর দিয়ে টঙ্গীতে ডেকে এনে অপহরন ও মুক্তিপনের অভিযোগে সৌরভসহ ৪জনের বিরুদ্ধে মামলা করেন ফাদার। বোনের অসুস্থতার কথা বলে ফাদারকে ডেকে আনার অভিযোগ সম্পৃর্ণ মিথ্যা। টঙ্গীতে ফাদারের কোন বোন নেই। বিরোধ মিটাতে গিয়ে তার ভাই ফেঁসে গেছেন।
মামলার প্রধান আসামী জয়নাল আবেদিন জানান, তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। ফাদারকে তিনি চিনতেন না। গত আগস্ট মাসে তার ফেইসবুকে সধৎপড় নধহহ নামের একটি আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। এক্সপ্টে করলে প্রায়ই তাদের মধ্যে চ্যাটিং হতো। এক পর্যায়ে ওই বন্ধু অনৈতিক কাজের (সমকামিতার) প্রস্তাব দিয়ে তাকে উত্যাক্ত করতো। শায়েস্তা করতে সোমবার তাকে আসতে বলেন। বিকেল ৩টার দিকে শর্ট প্যান্ট ও শার্ট পরে একটি মোটরসাইকেলে ওই ব্যাক্তি আসেন। তিনি তাকে বন্ধু হাসান বিল্লালের বাসায় নিয়ে যান। সেখানে অনৈতিক প্রস্তাব দেওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে ওই ব্যক্তির সাথে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে তাদের উপর হামলা চালায়। এতে তার ও মজুর হাত কেটে যায়। তারা তাকে ঘরে আটকে রেখে বাইরে থেকে দরজায় শিকল লাগিয়ে দেয়। কিন্তু তিনি দরজা ভেঙ্গে বের হয়ে তাদের অপহরনকারী অবহিত করে ডাকচিৎকার করে লোকজন জড়ো করেন। লোকজন এসে তাদের অবরুদ্ধ করে ফেলে। বিপদ থেকে রক্ষা পেতে তারা সৌরভকে ডেকে ছিলেন। ফাদার মামলা করতে চাননি। রাতে থানায় ওসি তদন্তের রুমে বসে আপোষনামাও লেখা হয়। কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার আপোষনামা না মেনে মামলা গ্রহন করেন।
তিনি বলেন পুলিশের জিজ্ঞাসাবাদে ফাদার বলেছেন বোনের অসুস্থতার মিথ্যা সংবাদ দিয়ে তাকে টঙ্গী আনা হয়েছে। পুলিশ ও স্থানীয় খৃষ্টান নেতারা তার বোনের নাম ঠিকানা জানতে চেয়েছেন। তিনি কোন বোনের ঠিকানা দিতে পারেননি। এমনকি ফোন দিতে বললেও দেননি। ফেসবুক আইডিতে খ্রিষ্টান পাদ্রীর কুপ্রস্তাবের (সমকামিতার) চ্যাট কপি করে রাখেন জয়নাল আবেদীন।
এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের সাথে ওসির ঘনিষ্ট সম্পর্ক রয়েছে অভিযোগ করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, ওসির কর্মকান্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ওসি চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে ফুটপাতে ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও জমি-বাড়ি দখল করান। আর এসব ক্ষেত্রে প্রচার করা হয় সরকারি দলের স্থানীয় নেতাদের নাম। গত ২ অক্টোবর টঙ্গীর হোসেন মার্কেটে ওসির নির্দেশে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা একটি বাড়ি ও দোকান দখল করতে গিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের আসামী করে থানায় অভিযোগ দিলে ওসি মামলা নেননি। বরং উল্টো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আসামী করে মামলা নেয়া হয়। এসব ঘটনায় সরকারি দলের স্থানীয় নেতাদের নাম ভাঙ্গানো হচ্ছে। প্রকৃত ঘটনা তদন্ত না করে ওসি তরিগড়ি করে কথিত অপহরণের ঘটনায় ছাত্রলীগ নেতা সৌরভের বিরুদ্ধে মামলা নেন। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তহয়েছে।
খ্রিষ্টান নেতা পাগাড়ের এক ও দুই নম্বর ব্লকের প্যারিস কাউন্সিলর ইলারিস রোজারিও ও হ্যামেল গোম নালভেন্স বলেন, ফাদারকে তারা আগে চিনতেন না। চিৎকার শুনে এগিয়ে গিয়ে পরিচয় জানতে পেরে তারা তাকে ও সৌরভকে গির্জায় নিয়ে যান। টঙ্গীতে আসার আগে তিনি তাদের কিছুই জানান নি। টঙ্গীর কোথায় তার বোন থাকেন তা জানতে চাইলেও তিনি তাদের কিছুই বলেননি। তারা বলেন, বোন অসুস্থ হলে তিনি হাসপাতালে না গিয়ে ছোট্ট গলি ও ওই ঘরে কেন গেলেন তা রহস্যজনক।
টঙ্গী মডেল থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, ফাদারকে আটকে রেখে ৩ লাখ টাকা দাবি করা হয়েছিল। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় তার ওপর কোন চাপ নেই বলেও জানান।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ বলেন, আমরা সৌরভকে ভাল ছেলে হিসেবে জানি। তার বিরুদ্ধে কোন অভিযোগ ইতিপূর্বে কানে আসেনি। টঙ্গী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক সরকার বাবু জানান, সৌরভ এলাকায় ভদ্র ও পরোপকারী হিসেবে পরিচিত। তার নামে অপহরন মামলা হওয়ায় আমরা বিষ্মিত হয়েছি। আশা করছি তদন্তে সে নির্দোষ প্রমাণীত হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দীন জানান, সৌরভ এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত। মামলা নেওয়ার আগে পুলিশের আরো তদন্তের প্রয়োজন ছিল।
এদিকে ফেসবুকে আপত্তিকর চ্যাটের বিষয়ে জানতে চেয়ে কাকরাইল গীর্জার ফাদার শিশির নাতালে গ্রেগরীকে ফোন দিয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কেটে দেন।
উল্লেখ্য, ঢাকার কাকরাইল গীর্জার ফাদার শিশির নাতালে গ্রেগরীকে অপহরন ও মুক্তিপণ দাবীর অভিযোগে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাম্স কবির ওরফে সৌরভকে গত সোমবার রাতে গ্রেফতার করে টঙ্গী থানা পুলিশ।