নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে অপহরণের অভিযোগে গাজীপুর টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সামস কবির সৌরভকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে টঙ্গীর পাগার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সৌরভসহ চারজনের নাম উল্লেখ করে টঙ্গী থানায় মামলা হয়েছে। সৌরভ টঙ্গী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, শিশির গ্যাগারিও’র বোন টঙ্গীর পাগার এলাকার এক গির্জায় থাকেন। সোমবার অপহরণকারীরা কৌশলে শিশিরের বোনের মোবাইল নম্বরটি তাদের একজনের মোবাইল নম্বরে কল ডাইভার্ড করে রাখে। পরে বিকেলে শিশির ফোন করলে অপহরণকারীরা তাকে জানায়, তার বোন গুরুতর অসুস্থাবস্থায় পড়ে আছে। বোনকে দেখতে শিশিরকে দ্রুত পাগার এলাকায় আসতে বলে তারা। শিশির মোটরসাইকেলে সন্ধ্যায় পাগার এলাকায় পৌঁছে। এ সময় অপহরণকারীরা তাকে ধরে পাগার এলাকার একটি বাড়িতে আটকে রাখে এবং মারধর করে। পরে তার সঙ্গে থাকা টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার মোবাইল থেকে স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ সময় শিশিরের ডাক চিৎকার শুনে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সৌরভকে গ্রেপ্তার এবং শিশির ও তার মোটরসাইকেলটি উদ্ধার করে। আহত শিশিরকে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন।
তিনি আরো জানান, সোমবার রাতেই শিশির বাদী হয়ে সৌরভসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেছেন।
ছাত্রলীগের টঙ্গী কলেজ শাখার সভাপতি কাজী মঞ্জুর সাংবাদিকদের বলেন, কারো অপকর্মের দায়-দায়িত্ব ছাত্রলীগ নেবে না। সৌরভ অপহরণ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেওয়া হবে।


