টঙ্গীতে টিকা নিয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর বিসিক শিল্প এলাকার আরবিএসআর ফ্যাশন লিমিটেড কারখানার প্রায় অর্ধ শতাধিক শ্রমিক করোনা টিকা গ্রহনের কারনে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। অসুস্থ শ্রমিকদেরকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেছেন।

অসুস্থ গার্মেন্টকর্মীরা হলেন- মনি আক্তার (৩০), শান্তা (২০), সাহিদা (২৬), সাইদুল (২৬), শাহিন (২৫), নাসিমা আক্তার (২০), তাসলিমা (২০), শিপ্রা (২১), রোকসানা (২৫), রহিমা (৩০), ময়না আক্তার (২৫), জোসনা বেগম (৩০), নিলি আক্তার (৩০), সীমা (২৬), মাল (২২), মুন্নী বেগমসহ (২২) প্রায় অর্ধ শতাধিক।

কারখানার সুইং সেকশনে কর্মরত একাধিক শ্রমিক জানান, বুধবার সকাল ১০ টার দিকে উক্ত কারখানায় শ্রমিকদের অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিন দেয়া হয়। ভ্যাকসিন গ্রহনের পর আমাদের কোন প্রকার বিশ্রাম না দিয়ে পূনরায় কাজে যোগদানের নির্দেশ দিলে কর্তৃপক্ষের নির্দেশ মতো আমরা কাজ করতে থাকি। পরে একটানা কাজের পর কোন সেকশন রাত ৮ টায় ছুটি হয় আবার কোন সেকশনে রাত ১২ পর্যন্ত কাজ চলে। রাতে বেশীর ভাগ শ্রমিকের শরীরে প্রচন্ড জ্বর, ব্যাথা, বমি ও কাঁপনী শুরু হয়। কারো কারো মধ্যে আবার প্রচন্ড অস্থিরতা দেখা দেয়। অনিচ্ছা সত্বেও গতকাল বৃহস্পতিবার সকালে কাজে যোগদান করি। বেলা সাড়ে ১০টার দিকে কর্মরত শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে কাঁপতে থাকে এবং কেউ কেউ অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। এসময় সহকর্মীরা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে অসুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল।

এব্যাপারে যোগাযোগ করা হলে আরবিএসআর ফ্যাশন লিমিটেড কারখানার ওয়েলফেয়ার অফিসার আমেনা আক্তার বলেন, টিকা গ্রহনের পর শ্রমিকদের প্রায় আধা ঘন্টা বিশ্রাম দেয়া হয়েছে। এর পরও কেন এমন হলো বলতে পারছিনা। আমরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি। তাদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।

এবিষয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মাকসুদা আক্তার বলেন, গার্মেন্ট থেকে আসা বেশীর ভাগ শ্রমিক শারিরীকভাবে দূর্বল, তারা শ্বাসকষ্ট ও বুক ব্যাথা জনিত কারনে আসছে। এদের মধ্যে কেউ কেউ জ্ঞানও হারিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।