এস.এম. মনির হোসেন জীবন ঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন উপলক্ষে টঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে টঙ্গী কলেজগেট এলাকায় জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি আলহাজ্ব মো. সালাহউদ্দিন সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য মো. সাঈদ সোহরাব। এডভোকেট এনামুল হুদা সরকার মনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরাফত হোসেন, ইসমাইল শিকদার বসু, লিয়াকত আলীর ,আবুল হাসেম, নূর মোহাম্মদ, কাউন্সিলর জাহাঙ্গীর আলম,আলেক, মো. জহির হোসেন, আইয়ুব আলী,হাসিনা মমতাজ ও সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।
এর আগে সকাল ১০টায় তারেক রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশী ও আন্তর্জাতিক চক্রান্ত মিলে তারেক রহমানের জীবন নাশের চেষ্টা হয়েছিল। উদ্দেশ্য ছিল এদেশের সম্পদ লুণ্ঠন করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা। গাজীপুর মহানগর যুবদলের ব্যানারে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আলোচনা সভার আগে সকাল থেকে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম, তবারক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া টঙ্গী থানা ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠানের প্রধান অতিথি কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন করেন।
বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের কাছে তারুণ্যের প্রতীক তারেক রহমান মূর্তিমান এক আতঙ্কের নাম। তাই সরকার একের পর এক মামলা দিয়ে তাকে দেশে আসার পথ রুদ্ধ করে দিয়েছে। কিন্তু এদেশের শান্তি প্রিয় মানুষ তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছে।


