টঙ্গীতে পূজাঁর মেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

মো.রবিউল ইসলাম,টঙ্গী|| গাজীপুরের টঙ্গীতে ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিনগত রাত ১২টায় শিলমুন এলাকায় ৪৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আল-আমিনকে কুপিয়ে গুরুতর আহত করেছে একই ওয়ার্ডের যুবলীগের আহবায়ক মনির হোসেন সাগর ও তার সহযোগীরা। এ সময় আল-আমিনের বাম হাতের রগ কেটে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে পূজায় মেলার দোকানকে কেন্দ্র করে মনির হোসেন সাগরের সঙ্গে আল-আমিনের কথা হয়। ওইদিন রাতেই সাগর আল-আমিনকে ফোন করে তার অফিসের সামনে যেতে বলে। অফিসের নিচে পৌছা মাত্রই সাগর তার লোকজন নিয়ে আল-আমিনকে মারধর ও কুপিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।
এব্যপারে ওয়ার্ড যুবলীগের আহবায়ক মনির হোসেন সাগর জানান, আমি এখন কিছু বলতে পারবো না। এ ধরনের কোন ঘটনা ঘটেছে বলে আমি জানিনা।
থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোশিউর রহমান সরকার বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমি জেনেছি। তবে এ বিষয়ে তেমন কিছু বলতে পারবো না। আরো ভালো করে জেনে তারপর জানাবো।