টঙ্গীতে স্কুল মাঠের গর্তে পড়ে প্রথম শ্রেনীর ছাত্র নিহত

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :  গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর টিএন্ডটি কলোনী স্কুলের মাঠে কয়েকজন শিশু খেলা করার সময় ওই স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র হোসেন আলী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হোসেন আলী মরকুন পশ্চিমপাড়ার বিল্লালের বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক রুহুল আমিনের ছেলে।

নিহত শিশুর মা পুতুল বেগম জানায়, দুপুরে মো. হোসেন আলীসহ তার দুই সন্তান অন্যান্য বন্ধুদের সাথে টিএন্ডটি কলোনী স্কুলের মাঠে খেলতে যায়। এক পর্যায়ে মাঠের একটি পানি ভর্তি গর্তে হোসেন আলী পড়ে যায়। এসময় অন্যান্য শিশুরা চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন এগিয়ে এসে দীর্ঘ চেষ্টার পর তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয় লোকজন জানায়, টিএন্ডটি কলোনী স্কুলে সরকারী অনুদানে একটি বহুতল ভবনের কাজ চলছে। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে তাদের কাজের সুবিধার্থে সেখানে গর্ত করে রাখেন। সেখানে প্রচুর পানি জমে থাকে ফলে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের মুঠোফোনে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।