টঙ্গী ব্রিজের দক্ষিণ পাশের রেল লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। এ ঘটনায় পুরো রেল লাইনটি বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, টঙ্গী রেল ব্রিজ পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির একটি বগির পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন ও কয়েকটি বগি টঙ্গী স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিসহ দুটি বগি এখনও লাইনের ওপর রয়েছে।
বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, লাইনচ্যুত হওয়ায় অন্য রেল চলাচল বন্ধ রয়েছে। লাইনটি চালু করতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপর লাইনটি সচল রয়েছে।


