ক্রীড়া ডেস্ক: চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ দাপটের সঙ্গেই পারফর্ম করে আসছে টটেনহামহটস্পার। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির সাথে পাল্লা দিয়েই শিরোপার দৌড়ে চলছিল দলটি। কিন্তু ওয়েস্টহামের বিপক্ষে সবশেষ হারে শিরোপার দৌড়ে কিছুটা ধাক্কা খেয়েছে তারা।
ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে গতরাতে জয় পেলে চেলসির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান থাকতো মাত্র ১ পয়েন্ট। কিন্তু লন্ডন স্টেডিয়ামে ১-০ ব্যবধানে হারের ফলে তা সম্ভব হয়নি। আর টটেনহামের এ হারে কিছুটা স্বস্তিতে রয়েছে শিরোপা প্রত্যাশী চেলসি।
লন্ডনে ওয়েস্টহাম ইউনাইটেডের জয়সূচক গোলটি করেন মানুয়েল লানসিনি। চেনা মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬৫ মিনিটে গোলটি করেন আর্জেন্টনাইন এ তারকা।
প্রিমিয়ার লিগে নিজেদের ৩৫তম ম্যাচে এ হারের ফলে কিছুটা হতাশ টটেনহামের। ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা। এক ম্যাচ কম খেলে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যান্তেনিও কোন্তের চেলসি।


