টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ আবারও রান তাড়া করার অভিপ্রায় বাংলাদেশের। চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে রান তাড়া করে অসাধারণ জয়ের পর একই মাঠে আবারও টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

প্রথম দুই ম্যাচ জিতে এমনিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটা আনুষ্ঠানিকতার। তবে অধিনায়ক মাশরাফির চিন্তায় কেবলই হোয়াইটওয়াশ। এতটুকু ছাড় দিতে রাজি নন তিনি।

এ কারণেই মূলতঃ দ্বিতীয় ম্যাচের মত শেষ ম্যাচেও তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। চট্টগ্রামের সাগরিকায় (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) সন্ধ্যার পর শিশিরে ভিজে থাকে। যে কারণে ফিল্ডিং করতে খুবই সমস্যা হয়। সুতরাং, রান তাড়া করাটাই এখানে যুক্তিযুক্ত ব্যাপার। মাশরাফি সে কারণেই ফিল্ডিং বেছে নিলেন।

তবে এই ম্যাচে ঠিকই পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। বাদ দেয়া হয়েছে ফজলে মাহমুদকে। বিশ্রামে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমানকে। অভিষেক করানো হচ্ছে আরিফুল হককে। ফিরেছেন আবু হায়দার রনি এবং সৌম্য সরকার।

বাংলাদেশ দল : লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।

জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চেপাস জুওয়াও, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, কাইল জার্ভিস, ডোনাল্ড তিরিপানো, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।