টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: ২৩ ওভারে ভারত ১২২/৩।

রাহানেকে ফেরালেন মুস্তাফিজ: ভারতীয় শিবিরে দ্বিতীয় আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের বলে প্লেড অন হয়ে ফিরেছেন অজিঙ্কা রাহানে (১১)। ভারতের স্কোর তখন ২ উইকেটে ২১।

প্রথম বলেই উইকেট রুবেলের: বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছেন রুবেল হোসেন। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই রোহিত শর্মাকে ফিরিয়েছেন তিনি। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বল ভারতীয় ওপেনারের ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙে দেয়। রোহিত করেন ১, ভারতের স্কোর তখন ১ উইকেটে ৩।

লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৩টায়। ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, স্টার স্পোর্টস-১।

আজ বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবালকেও। দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৪১ রান করেও পাকিস্তানের কাছে ২ উইকেটে হেরেছিল। অন্যদিকে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল পদ্ধতিতে জিতেছিল ৪৫ রানে।

আগামী ১ জুন এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে ৪ জুন ‘বি’ গ্রুপে ভারতের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে।