টাইগার জিন্দা হ্যায় সিনেমার সিক্যুয়েল অবশ্যই তৈরি হবে

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এ জুটির অন্যতম সফল সিনেমা এক থা টাইগার ও এর সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। তাই এ ফ্র্যাঞ্চাইজির নতুন কোনো সিনেমা তৈরি হবে কিনা তা নিয়ে ভক্তদের মনে রয়েছে কৌতূহল।

এর আগে গুঞ্জন শোনা যায়, টাইগার জিন্দা হ্যায় সিনেমার সিক্যুয়েল নির্মাণ হবে ক্যাটরিনার জয়া চরিত্রটিকে ঘিরে। টাইগারের পর তিনি কীভাবে সবকিছু তদারকি করেন তা নিয়েই সিনেমার গল্পটি তৈরি হবে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালমান খান বলেন, ‘টাইগার জিন্দা হ্যায় সিনেমার সিক্যুয়েল অবশ্যই তৈরি হবে। আমি এর প্লটও শুনেছি। এর নাম হবে জয়া জিন্দা হ্যায়।’

২০১২ সালে মুক্তি পায় এক থা টাইগার সিনেমাটি। এতে জুটিবদ্ধ হয়েছিলেন সালমান-ক্যাটরিনা। এরপর দীর্ঘ বিরতি ভেঙে গত বছর টাইগার জিন্দা হ্যায় সিনেমায় ফের জুটিবদ্ধ হন তারা। সিনেমা দুটিতে টাইগার ও জয়া চরিত্রে দেখা যায় তাদের। এছাড়া দুটি সিনেমাই বক্স অফিসে ৩০০ কোটি রুপির উপরে আয় করে।

বর্তমানে তার পরবর্তী সিনেমা রেস-থ্রি’র প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে সালমান খান ছাড়াও অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রমেশ তাওরানি ও পরিচালনা করেছেন রেমো ডিসুজা।