টাঙ্গাইলে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : আহত হয়েছেন চালকসহ আরো নয় যাত্রী। সোমবার বেলা পৌনে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বৈল্লা মাগুরটালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লেগুনা যাত্রী কালিহাতী উপজেলার ধুনাইল গ্রামের মৃত আফসার আলীর ছেলে সাইফুল ইসলাম বাদশা (৫৫) ও নাগরপুর উপজেলার রুহুল আমিন (৪০)।

টাঙ্গাইল সদর মডেল থানার এএসআই খলিলুর রহমান জানান, সকালে কালিহাতীর এলেঙ্গা থেকে লেগুনাযোগে যাত্রীরা টাঙ্গাইল শহরের দিকে আসছিলেন। লেগুনাটি বৈল্লা এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় লেগুনাটি একটি গাছের সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এতে লেগুনায় থাকা চালকসহ ১১ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম ও রুহুল আমিনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান এএসআই খলিলুর।