ক্রীড়া ডেস্ক : ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু তাদের আত্মবিশ্বাসে জল ঢেলে দেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি আইনে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। ১১ ওভারে বাংলাদেশ ১০০ রান তুললেও স্বীকৃত ব্যাটসম্যানদের অভাবে পরবর্তী ৯ ওভারে তুলেছে মাত্র ৪৩ রান। ম্যাচ হারলেও সাকিব ইতিবাচক দিক খুঁজছেন এই ম্যাচ থেকে। তার টার্গেট এখন পরবর্তী দুই ম্যাচ।
ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেন, ‘আমরা আসলে দ্রুত উইকেট হারিয়েছি এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ ভালো জুটি গড়ে এগিয়ে যাচ্ছিল। সে সময় মুশফিক আউট হয়ে গেল। দশ ওভারের মধ্যে আমরা পাঁচ উইকেট হারিয়েছে। টি-টোয়েন্টি ম্যাচে যেকোনো দলের জন্য এমন পরিস্থিতিতে পাঁচ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো কঠিন। তার উপর ওয়েস্ট ইন্ডিজ দলে ভালো মানের বেশ কয়েকজন টি-টোয়েন্টি ব্যাটসম্যান রয়েছে। তাদের চ্যালেঞ্জ জানাতে হলে আপনাকে সেরাটা দিতেই হবে।’
সাকিব আরো বলেন, ‘ভিন্ন একটি ভেন্যুতে সিরিজের আরো দুটি ম্যাচ রয়েছে। আসলে আজকের এই ম্যাচে আমাদের নেতিবাচক দিকগুলোর চেয়ে বেশি ইতিবাচক দিক রয়েছে। সেগুলো নিয়েই আমরা আগাতে চাই।’


