টিভিতে আসছে লা লিগার ম্যাচ

ক্রীড়া ডেস্ক : লা লিগার নতুন মৌসুম মাঠে গড়িয়েছে বেশ কিছুদিন হল। কিন্তু টেলিভিশনে দেখা যাচ্ছে না জনপ্রিয় এই লিগের ম্যাচগুলো। দেখা যাচ্ছে ফেসবুকে। এশিয়া অঞ্চলে লা লিগার ম্যাচ দেখানোর স্বত্ত কিনে নিয়েছে ফেসবুক। সে কারণে ফেসবুকে দেখতে হচ্ছে লা লিগার ম্যাচ। কিন্তু নানা কারণে সবার পক্ষে সেটা দেখা সম্ভব হচ্ছে না। তবে লা লিগার দর্শকদের জন্য সুখবর। চলতি সপ্তাহ থেকে সনি টিভিতে দেখা যাবে লা লিগার ম্যাচ। তবে সবগুলো ম্যাচ নয়, নির্বাচিত ১০০টি ম্যাচ। তার মধ্যে রয়েছে এল ক্লাসিকো (রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা), মাদ্রিদ ডার্বি (রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ) ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। তার পাশাপাশি ফেসবুকে সবগুলো ম্যাচ দেখা যাবে। সনি পিকচার নেটওয়ার্ক ফেসবুকের কাছ থেকে লা লিগার ১০০ ম্যাচ সরাসরি সম্প্রচারের স্বত্ত কিনে নিয়েছে। সে কারণেই এই অঞ্চলের ফুটবলপ্রেমীরা দেখতে পাবে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। লা লিগার ম্যাচ দেখানোর বিষয়ে সনি পিকচার্স নেটওয়ার্কসের প্রধান রেভিনিউ কর্মকর্তা (স্পোর্টস প্রধান) রাজেশ কউল বলেন, ‘লা লিগার সঙ্গে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গেল চার বছর লা লিগার ম্যাচ দেখিয়েছে আমরা। সেটারই অংশ হিসেবে আবারো লা লিগার মতো একটি বিশ্বসেরা লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ভারতীয় অঞ্চলে টেলিভিশন খুবই শক্তিশালী একটি মাধ্যম। আর এটার মাধ্যমে ভারতের দর্শকরা লা লিগার ম্যাচ উপভোগ করতে পারবে।’ এ বিষয়ে এশিয়া প্যাসিফিকের স্পোর্টস পার্টনারশিপের প্রধান জয়ী বিশ্বাস বলেন, ‘ভারতের দর্শকদের আরো বিস্তৃত উপায়ে লা লিগার চলতি মৌসুমের ম্যাচ দেখার সুযোগ করে দিতে সনি পিকচার্স নেটওয়ার্কসের সঙ্গে একত্রিত হতে পেরে আমরা আনন্দিত। ব্রডকাস্টারদের সঙ্গে আমাদের কমিটমেন্টের অংশ হিসেবেই এই চুক্তিবদ্ধ হওয়া। যাতে দর্শকরা আরো বিভিন্ন বিকল্পে সরাসরি খেলাগুলো উপভোগ করতে পারে।’ ফেসবুক সনিকে হটিয়ে এশিয়া অঞ্চলে লা লিগার মিডিয়া স্বত্ত ৩২ মিলিয়ন ডলারে কিনে নেয়। তাদের কাছ থেকে ১০০ ম্যাচের স্বত্ত কিনে নিয়েছে সনি।