ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্সের পরিবর্তে ডাক পেয়েছেন পেসার অ্যান্ড্রু টাই। অ্যাশেজ সিরিজের জন্য সতেজ পেতে কামিন্সকে টি-টোয়েন্টি সিরিজে খেলাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
ওয়ানডের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে দলের পরীক্ষিত বোলার কামিন্সকে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হলেই দেশের বিমানে উঠবেন কামিন্স। তার পরিবর্তে টি-টোয়েন্টিতে বিশেষজ্ঞ বোলারটাইয়ের নাম ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টাই। লম্বা বিরতির পর অস্ট্রেলিয়া দলের পেসার নাথান কোল্টার-নাইল ও কেন রিচার্ডসনদের সঙ্গে যোগ দিতে ডাকা হয়েছে তাকে। গত এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাঁধে চোট পাওয়ায় সব ধরনের ক্রিকেটের বাইরে ছিলেন তিনি।
কাঁধে অস্ত্রোপচারের পর ইংল্যান্ড’স টি-টোয়েন্টি প্রতিযোগিতায় গ্লুচেস্টারশায়ারের সঙ্গে যোগ দিয়েছেন ৩০ বছর বয়সি টাই। এবার গুজরাট লায়ন্সে খেলার মধ্য দিয়ে আইপিএলে অভিষেক হয় তার। পুনের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিকসহ চার ওভারে ১৭ রানে ৫ উইকেটে নেন তিনি। এপ্রিলে অনুষ্ঠিত আইপিএলে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এ পেসার।


