৪ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল পাকিস্তান দক্ষিণ-আফ্রিকা। জোহানেসবার্গে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানের দারুণ জয়ে, বেশ ফুরফুরে মেজাজে পাকিস্তান। দু’দলের সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও প্রোটিয়াদের বিপক্ষে জয় আছে তাদের। ফর্মে আছেন অধিনায়ক বাবর আজম-ফখর জামানরা। টি-টোয়েন্টি সিরিজে দেখা মিলতে পারে সারজিল খান, হায়দার আলীর। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এ ম্যাচ দিয়ে শততম টি-টোয়েন্টি খেলতে নামবেন মোহাম্মদ হাফিজ।
অন্যদিকে আইপিএল খেলতে ডি-কক, রাবাদা ভারত চলে আসায় তুলনামূলক কিছুটা খর্ব শক্তির দল দক্ষিণ আফ্রিকা। তবে স্বাগতিকদের স্বস্তির কারণ হতে পারে শক্তিশালী টপ অর্ডার।
জোহানেসবার্গের উইকেট বলছে সবসময়ই হাই-স্কোরিং ম্যাচ হয় এখানে। টি-টোয়েন্টিতে দু’দলের এর আগে ১৭ দেখায় পাকিস্তানের ৮ জয়ের বিপরীতে ৯ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা।


