টুইঙ্কলের সঙ্গে সমুদ্রতীরে ‘সানবাথ’ নিয়েছিলেন ‘রেস ৩’ অভিনেতা! অক্ষয়ের সন্দেহ ঘিরে মুখ খুললেন

মুক্তি পেয়েছে ‘রেস ৩’। সলমন খানের নতুন ছবি দারুণ ভাবে সাড়া ফেলেছে বক্স অফিসে। ছবিতে সলমনের সঙ্গে সহ-অভিনেতা হিসেবে রয়েছেন ববি দেওল। বহুদিন রুপোলি পর্দায় দেখা যায়নি তাঁকে। এই ছবিকে তাঁর ‘কামব্যাক’ বলাই যায়। আর এই ফিরে আসার মুহূর্তে এক সিনেমা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ববি শেয়ার করেছেন তাঁর চলচ্চিত্র দুনিয়ার প্রথম দিকের অভিজ্ঞতার কথা।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ববির ওই সাক্ষাৎকারে উঠে এসেছে মজার নানা তথ্য। যার মধ্যে অন্যতম হল, অক্ষয়কুমার ও টুইঙ্কল খান্নার মাঝখানে ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে ঢুকে পড়া!

ঘটনা ২০০১ সালের। শ্যুটিং চলছিল ‘আজনবি’ ছবির। ছবিতে একসঙ্গে কাজ করছিলেন অক্ষয় ও ববি। অক্ষয়ের সঙ্গে ততদিনে প্রেম শুরু হয়ে গিয়েছে রাজেশ খান্নার বড় মেয়ে টুইঙ্কলের। যে ক্রুজে শ্যুটিং চলছিল সেখানে হাজির হয়ে যান তিনি।

এই পরিস্থিতিতে অক্ষয়ের কানে খবর আসে, টুইঙ্কলের সঙ্গে সমুদ্রতীরে ‘সানবাথ’ নিচ্ছেন ববি! এর পর থেকেই তিনি লক্ষ্য রাখতে থাকেন দু’জনের দিকে। বুঝতে চেষ্টা করেন, দু’জনের মধ্যে কোনও সম্পর্ক তৈরি হয়েছে কি না।

সেদিনের সেই সব কথা মনে পড়লে এখন তাঁর হাসি পায় বলে জানিয়েছেন ববি। মজার সুরে তিনি জানান, ‘‘জনতার সামনে তো আমি জামাই খুলি না। সানবাথের কোনও প্রশ্নই ছিল না।’’