টেকনাফে মালয়েশিয়া ফেরত তিন শতাধিক রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারে টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট এলাকা থেকে তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি দেন এসব রোহিঙ্গারা।
কড়াকড়ির কারণে সে দেশে ঢুকতে না পেরে এসব রোহিঙ্গারা আবার বাংলাদেশে ফিরে আসেন। এদের বেশির ভাগ নারী ও শিশু ছিল।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ স্টেশন কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা জানান,  রোহিঙ্গা ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে টেকনাফে ঢোকার চেষ্টা করে। এসময় তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
রোহিঙ্গারা জানিয়েছে, বেশ কিছু দিন আগে তারা সাগর পথে মালয়েশিয়া যাত্রা করেছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসে। তবে এ সংখ্যা কম বেশিও হতে পারে।
টেকনাফ উপজেলার ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, এসব রোহিঙ্গাদের আগে এক জায়গায় জড়ো করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।