ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকে বিরাট কোহলিকে দেখা হয়ে থাকে শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরি হিসেবে। এখন অনেকে এক ধাপ এগিয়ে টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনাও করে বসেন। তবে ব্যাপারটা মোটেই পছন্দ নয় জন্টি রোডসের। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার বলছেন, টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনা করাটাই অন্যায়।
একটা কাজে ভারতে অবস্থানরত রোডস বুধবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি রেকর্ডে বিশ্বাসী নই এবং বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের তুলনা করাটাও পছন্দ করি না আমি। তারা (টেন্ডুলকার ও কোহলি) দুজনেই অসাধারণ ক্রিকেটার। তারা দুজনেই তাদের নিজস্ব পথে গ্রেট। টেন্ডুলকার টেন্ডুলকারের মতো, বিরাট বিরাটের মতো।’
টেন্ডুলকারের মতো ভারতের হয়ে কোহলি বেশিদিন খেলা চালিয়ে যেতে পারবেন কি না, সেটা নিয়েও সন্ধিহান দক্ষিণ আফ্রিকান গ্রেট, ‘টেন্ডুলকার মাত্র ১৬ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেছিলেন এবং ৪০ বছর বয়স পর্যন্ত খেলেছেন। তিনি ২৪ বছর ক্রিকেট খেলেছেন। আমি জানি না আধুনিক ক্রিকেটের চাহিদা পূরণ করে কোহলি অত দিন পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবে কি না।’
‘কোহলি তার ক্যারিয়ারের শুরুটা দারুণ করেছে। তার রান তোলাটা অবিশ্বাস্য। তরুণ বসয়েই সে অনেক রান করেছে। তবে কোহলি শুধু কোহলিই, টেন্ডুলকারের সঙ্গে তার তুলনা করাটা ঠিক নয়’- বলেন রোডস।
তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।


