ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বুধবার ঘোষিত দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা। এ ছাড়া চোটের কারণে দলে নেই ব্যাটসম্যান কুশল পেরেরা ও ফাস্ট বোলার নুয়ান প্রদীপ।
দলে ফিরেছেন ফাস্ট বোলার বিশা ফার্নান্দো ও দুশমন্থ চামিরা। আগের দিন তিন ধরনের ক্রিকেটে শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়ে দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসও ফিরেছেন টেস্ট দলে। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার আগের টেস্ট সিরিজে তিনি চোটের কারণে খেলতে পারেননি।
কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী শুক্রবার। অধিনায়ক হিসেবে এটিই হতে যাচ্ছে দিনেশ চান্দিমালের প্রথম টেস্ট।
শ্রীলঙ্কা দল:
দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকভেলা, দিমুথ করুনারত্নে, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, বিশা ফার্নান্দো, দুসমন্থ চামিরা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা।


