টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে উঠেছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর আজ নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আটে উঠেছে বাংলাদেশ। এই হালনাগাদে বাদ হয়ে গেছে ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ শতাংশ। হালনাগাদের আগে ৭২ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশ ৭১ পয়েন্ট নিয়ে ছিল নয় নম্বরে। ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল ১ পয়েন্ট।


হালনাগাদের পর আটে উঠে আসা বাংলাদেশের বেড়েছে ৪ পয়েন্ট। নয়ে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ৫ পয়েন্ট। বাংলাদেশের পয়েন্ট এখন ৭৫, ওয়েস্ট ইন্ডিজের ৬৭। হালনাগাদের পর শীর্ষস্থান আরো সংহত হয়েছে ভারতের। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের ব্যবধান আগে ছিল ৪ পয়েন্ট, সেটি বেড়ে হয়েছে ১৩ পয়েন্ট। ভারতের বেড়েছে ৪ পয়েন্ট, দক্ষিণ আফ্রিকার কমেছে ৫ পয়েন্ট। তবে হালনাগাদ দুঃসংবাদ বয়ে এনেছে নিউজিল্যান্ডের জন্য। কিউইরা তিন থেকে নেমে গেছে চার নম্বরে। চার থেকে তিনে উঠেছে অস্ট্রেলিয়া। হালনাগাদের আগে দুই দলের পয়েন্ট ছিল সমান ১০২। হালনাগাদের পর নিউজিল্যান্ডের পয়েন্ট পরিবর্তন না হলেও অস্ট্রেলিয়ার বেড়েছে ৪ পয়েন্ট।

হালনাগাদের পর টেস্ট র‍্যাঙ্কিং

র‍্যাঙ্ক  দল পয়েন্ট
১ (-) ভারত ১২৫ (+৪)
২ (-) দক্ষিণ আফ্রিকা ১১২ (-৫)
৩ (+১) অস্ট্রেলিয়া ১০৬ (+৪)
৪ (-১) নিউজিল্যান্ড ১০২ (-)
৫ (-) ইংল্যান্ড ৯৮ (+১)
৬ (-) শ্রীলঙ্কা ৯৪ (-১)
৭ (-) পাকিস্তান ৮৬ (-২)
৮ (+১) বাংলাদেশ ৭৫ (+৪)
৯ (-১) ওয়েস্ট ইন্ডিজ ৬৭ (-৫)
১০ (-) জিম্বাবুয়ে ২ (+১)