ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ

পাথরবোঝাই ট্রা‌কের ভা‌রে ভে‌ঙে প‌ড়ে‌ছে ব‌রিশাল বানারীপাড়া সড়‌কে মাধবপাশা বেইলি ব্রিজ। এই ঘটনায় যান চলাচল বন্ধ হ‌য়ে গে‌ছে। দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছেন যাত্রী ও স্থানীয় পথচারীরা।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমা‌নিক ৭টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। এদিকে যান চলাচল স্বাভা‌বিক করতে বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু ক‌রে‌ছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর‌বোঝাই ট্রাক‌টি ব‌রিশাল প্রান্ত থে‌কে বানারীপাড়ার দি‌কে যা‌চ্ছি‌ল। ব্রিজের মাঝামাঝি পৌঁছার পর ব্রিজটি ভে‌ঙে প‌ড়ে। ট্রাকের ভেত‌র আটকা পড়ে ড্রাইভার ও হেলপার। সে সময় ট্রাকের গ্লাস ভেঙে তাদের উদ্ধার করে স্থানীয়রা।

মাধবপাশা ইউনিয়‌ন পরিষদের চেয়ারম্যান সি‌দ্দিকুর রহমান ব‌লেন, এই ব্রিজটি বছর দে‌ড়েক আগে আরও একবার ভে‌ঙে প‌ড়েছি‌ল। কর্তৃপ‌ক্ষের গাফিল‌তির কার‌ণে একই ঘটনা বারবার ঘ‌টে‌ছে।

পা‌শেই নির্মাণাধীন ব্রিজের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. শেখ ফ‌রিদ ব‌লেন, প্রজেক্টের সিকিউরিটি গা‌র্ডের নি‌ষেধ সত্ত্বেও ট্রাক‌টি ব্রিজের উপর ওঠায় এ দুর্ঘটনা ঘ‌টে।