ট্রাম্পকে ‘বিশ্বাস করা যায় নাঃ ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বিশ্বাস করা যায় না’ বলে মন্তব্য করেছেন ইরানের কর্মকর্তারা।

সোমবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে হঠাৎ করে ট্রাম্প জানান যে, তিনি বৈঠকে বিশ্বাস করেন। কোনোরূপ শর্ত ছাড়া ইরানের নেতারা চাইলে তাদের সাথে বৈঠকে বসতে রাজি তিনি। ট্রাম্প দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানির সাথে আলোচনা করতে চান।

অথচ এর এক সপ্তাহ আগেই ইরানকে শায়েস্তা করার হুমকি দেন ট্রাম্প। এর তিন মাস আগে মিত্রদের আপত্তি সত্ত্বেও ঐতিহাসিক ‘ইরান পরমাণু চুক্তি’ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন তিনি।

সোমবারের ট্রাম্পের বৈঠকের প্রস্তাবে অবশ্য বিগলিত হয়নি ইরান। বরং তারা বিষয়টিকে ‘গভীর অবিশ্বাসের’ সাথে দেখছে। কারণ ট্রাম্পের ওই ঘোষণার পরে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ভিন্ন সুরে কথা বলেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ট্রাম্পের প্রস্তাবের জবাবে মঙ্গলবার জানিয়েছেন, ট্রাম্প প্রায়ই স্ববিরোধী কথা বলেন। তার প্রস্তাব ও কাজের মধ্যে বিরোধিতা আছে। তাকে বিশ্বাস করা যায় না।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের ঘোষণা ও ইরানের সাথে ব্যবসা না করার জন্য অন্য দেশকে চাপ প্রয়োগের দিকে খেয়াল রেখে এ কথা বলেন বাহরাম কাসেমি।

কাসেমি সংবাদ সংস্থা ফার্সকে বলেন, ‘আলোচনার ঠিক বিপরীত হলো অবরোধ ও চাপ। ট্রাম্প কীভাবে ইরানের জনগণের কাছে প্রমাণ করতে পারেন যে, সোমবারের তার বক্তব্য আলোচনার সদিচ্ছার বহিঃপ্রকাশ এবং নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য তিনি এ প্রস্তাব করেননি।’

ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলি মোতাহারি বলেন, ‘২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর ট্রাম্পের সাথে আলোচনা হবে ইরানের জন্য অপমানজনক। ট্রাম্প যদি পরমাণু চুক্তিতে থাকতেন এবং অবরোধ আরোপ না করতেন তবে আমেরিকার সাথে আলোচনায় কোনো সমস্যা থাকত না।’

ইরানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান হেশমাতোল্লাহ ফালাহতপিশেহ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে দেশটিকে আগে পরমাণু চুক্তিতে প্রত্যাবর্তনের আহ্বান জানান।

তথ্য : আল জাজিরা