মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পৃথক দুই স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল- নসিমনের সংঘর্ষে ৩জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাতটার দিকে বালিয়াডাঙ্গীর লাহিড়ী সড়কে মোটর সাইকেল ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে ১জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ১জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে আরো একটি দুর্ঘটনায় আজ দুপুরের দিকে ঠাকুরগাঁও শহরের বিসিক শিল্পনগরী এলাকায় নসিমন ও মোটরসাইকেলের ধাক্কায় আরো ১জনের মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের সুজন ইসলাম (১৭) ও দেলোয়ার (২০) অপর আরেকটি দুর্ঘটনায় নিহত হয়েছেন ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নুরুল ইসলাম (৬০) নামের একব্যক্তি।
দুর্ঘটনায় হতাহতের বিষয় নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম ডন ও ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বালিয়াডাঙ্গী থানার ওসি জানান, আজ সকালের ঢাকা থেকে নিহত সুজনের চাচাতো ভাই দেলোয়ার ঠাকুরগাঁয়ে আসেন। তাকে ঠাকুরগাঁও হতে মোটরসাইকেলযোগে বাসায় নিয়ে আসার জন্য তার চাচাতো ভাই সুজন ঠাকুরগাঁওয়ে যায়।ঠাকুরগাঁও হতে চাচাতো ভাই দেলোয়ারকে মোটরসাইকেলে করে বাড়িতে নেওয়ার পথে অপর দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সুজন। আর গুরুতর আহত হন চাচাতো ভাই দেলোয়ার।
তাৎক্ষণিকভাবে দেলোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ সময় আহত দেলোয়ারকে রংপুরে নেওয়ার পথে খোঁচাবাড়ী নামক স্থানে তার মৃত্যু হয়।
অপরদিকে ঠাকুরগাঁও শহরের বিসিক শিল্পনগরী এলাকায় নসিমন ও মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই নুরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। সেইসাথে নাবিল নামে এক কিশোর আহত হন।
দুই থানার ওসি জানান, সকল প্রকার আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ড্রাইভারদের আটকের চেষ্টা চলছে।


