মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয়ের এক হিন্দু ব্যক্তির মরদেহ নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। মরদেহের পরিচয় নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে যাচাইয়ে নিহত ব্যক্তি হিন্দু ধর্মাবলি হওয়ায় স্থানীয় শশ্মান ঘাটে সৎকারের জন্য যোগাযোগ করলে তারা মরদেহটি নিতে অস্বীকৃতি প্রকাশ করেন।
এমতাবস্থায় আজ শনিবার (৯ অক্টোবর) বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পড়ে আছে।
পুলিশ জানান, গতকাল শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও- দিনাজপুর সড়কের খোচাবাড়িতে দিনাজপুরগামী একটি মাইক্রোবাস একটি বাইসাইকেল কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সন্ধান এখনও পাওয়া যায়নি। নিহতের মরদেহ হাসপাতালেই পড়ে আছে তার পরিবারের খোঁজ চলছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং ঘাতক মাইক্রবাস খোঁজ নেওয়া হচ্ছে।


