এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ১১৩ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। গতবছর প্রতিষ্ঠানটি দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছিল। এবছরও প্রতিষ্ঠানটি রংপুর বিভাগে শ্রেষ্ঠত্ব বজায় রাখে।
নিয়মতান্ত্রিক পাঠদানের পাশাপাশি নিয়মিত বিভিন্ন সহশিক্ষামূলক কর্মসূচির কারণে দেশজুড়ে সমাদৃত হয়ে আসছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এর পেছেনে অবদান রয়েছে বিদ্যালয়টির সাবেক-বর্তমান শিক্ষকমন্ডলীর পাশাপাশি সাবেক-বর্তমান শিক্ষার্থীদেরও।
শিক্ষার্থীদের বহুমুখী শিক্ষিত করে তোলার লক্ষ্যে সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ ‘অনুভবের দৃশ্য ক্যামেরার লেন্সে’ স্লোগান নিয়ে তিন দিনব্যাপী আলোকচিত্র কর্মশালার আয়োজন করে। গত ৪-৬ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাল্টি পারপাজ হলরুমে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি পরিচালনা করেন দিনাজপুরের ‘দ্বীপন ফটোগ্রাফি ইনস্টিটিউট’ এর শিক্ষক কুমার বিপ্লব দ্বীপন।
শনিবার (৭ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টি পারপাজ হলরুমে আলোকচিত্র কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (সার্বিক) মো. জহুরুল ইসলাম। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ উন নবী, কর্মশালাটির পরিচালক কুমার বিপ্লব দ্বীপন, দেশের অন্যতম সেরা ফটোগ্রাফার রেজাউল হাফিজ রাহী সহ আরও অনেকে।
সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদানের মাধ্যমে কর্মশালাটির সকল আয়োজন শেষ হয়।
কর্মশালার আয়োজক বিদ্যালয়টির ফটোগ্রাফারদের সংগঠন ‘টিজিবিএইচএস ফটোগ্রাফি ক্লাব’ ভবিষ্যতেও এরকম আয়োজন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।


