ঠিক এক বছর পর ক্রিকেট বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক : পুরো বিশ্ব এখন বুঁদ হয়ে আছে ফুটবল বিশ্বকাপ নিয়ে। রাশিয়া বিশ্বকাপে খেলবে ৩২টি দল। কিন্তু ফুটবল বিশ্বকাপ জ্বরে আক্রান্ত পুরো বিশ্ব। এ জ্বরের মধ্যেই আজ শুরু হয়ে গেল আরেকটি বিশ্বকাপের ক্ষণগণনা।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ বসবে ইংল্যান্ডে। ঠিক এক বছর পর শুরু হবে ক্রিকেট বিশ্বকাপের মহাযজ্ঞ। আর বিশ্বকাপকে স্বাগত জানাতে আনুষ্ঠানিকভাবে কাউন্টডাউট শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আইকনিক ব্রিক লেনে একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে আইসিসি। সেখান থেকেই শুরু হবে কাউন্টডাউন। স্বাগতিক দলের অধিনায়ক এউইন মরগান উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। এ ছাড়া আইসিসি হল অব ফেমের সদস্য ব্রায়ান লারা ও ইউনিস খানও থাকবেন অনুষ্ঠানে।

২০১৯ সালের আজকের দিনেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ৩০ মে টুর্নামেন্টের পর্দা উঠবে। শেষ হবে ১৪ জুলাই।

টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সরাসরি অংশ নিচ্ছে। বাছাইপর্ব পেরিয়ে এসেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ বিশ্বকাপ হবে ১৯৯২ সালের ফরমেটে। অংশগ্রহণকারী দলটি দল প্রত্যেকেই খেলবে প্রত্যেকের সঙ্গে।