ডিপিএল নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি

আল-আমিন হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ ফের ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ ক্রিকেটে। ফিরছে ঘরোয়া টুর্নামেন্টের নিয়মিত আসরগুলো। আগেই ঘোষণা হয়েছে, চলতি মাসেই মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন মৌসুম। স্থগিত থাকা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) নিয়ে আলোচনা চললেও নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি। আজ রোববার জানানো হয়েছে, আগামী ৬ মে মাঠে গড়াবে লিস্ট এ ক্রিকেটের এই টুর্নামেন্ট।

ডিপিএলের দলগুলো নিয়ে রোববার মিরপুরে এক বৈঠকের আয়োজন করেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এই বৈঠক শেষে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তবে এবার ওয়ানডে ফরম্যাটে নয়, টি-টোয়েন্টি সংস্করণে হবে স্থগিত থাকা টুর্নামেন্ট। এবারের ডিপিএল হবে ৩ উইন্ডোতে। যেখানে প্রথম উইন্ডো আগামী ৬ থেকে ১১ মে।

গত বছরের মার্চে করোনা ভাইরাসের আতঙ্ক মাথায় নিয়ে বেশ ঘটা করে শুরু হয় ডিপিএল ২০১৯-২০ মৌসুমের খেলা। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি। ১৫ তারিখ শুরু হয়ে এক রাইন্ড পরেই স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি।

এরপর করোনার প্রকোপ কমলে খেলোয়াড়দের বড় একটি অংশ থেকে বোর্ডের কাছে দাবি জানানো হয়, দ্রুত এই টুর্নামেন্ট মাঠে ফেরানো জন্য। যেহেতু ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট খেলেই সারাবছরের রুটিরুজির জোগান দেন অনেক ক্রিকেটার।

তবে বিসিবি থেকে জানানো হয়, করোনা ভাইরাসের টিকা আসলে তবেই এই টুর্নামেন্ট ফেরানো হবে। জানা গেছে, আসন্ন এনসিএল টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের টিকা নেওয়ার ব্যবস্থা করে দেবে ক্রিকেট বোর্ড। ফলে এনসিএলের পর আগামী ৬ মে মাঠে গড়াবে স্থগিত থাকা ডিপিএল।