ঢাকায় কালবৈশাখীর আশঙ্কা

রোববার (০২ মে) রাতে কালবৈশাখীর পর থেকেই ঢাকায় কমে যায় গরমের অনুভূতি। তবে সোমবার বিকেলের পর থেকে আবারো ঢাকায় কালবৈশাখীর আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকাসহ আশেপাশের এলাকা এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই-সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা,বরিশাল এবং সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশে অবস্থান করছে।