ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে ২০ কিমি যানজট, দুর্ভোগে চালক ও যাত্রীরা

বিরামহীন বৃষ্টি ও পৃথক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে মহাসড়কের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (৭ জুন) ভোর রাত থেকেই এই যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে সবচেয়ে বেশি বিপাকে পরেছে নারী ও শিশু যাত্রীরা।

পুলিশ জানায়, রাতে কয়েক ঘণ্টা টানা বৃষ্টির কারণে মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলতে থাকে। এ অবস্থায় রাত ১২টায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপারে ট্রাকের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই আহত হয়। গাড়ি দুটি পুলিশ আটক করে বঙ্গবন্ধু পূর্ব থানা রেখেছে। এ ছাড়া মহাসড়কের ভূঞাপুর রিং রোডে মধ্যে রাতে সড়ক দুর্ঘটনা হয়। এ কারণেই রাত থেকে যানজটের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ে যানজট নিরসন হবে বলে জানিয়েছেন তিনি।