ঢাকা-নিউ জলপাইগুড়ি চলবে যাত্রীবাহী ট্রেন

মালবাহী ট্রেনের পর যাত্রীবাহী ট্রেনে ঢাকা-নিউ জলপাইগুড়ি যাত্রা শুরুর অপেক্ষায় নীলফামারীবাসী। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই ট্রেনের। চিলাহাটি স্টেশনসহ অন্যান্য অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ না হলেও মোটামুটি প্রস্তুত উভয় অংশের রেলপথ।

প্রায় ৫৫ বছর পর আবারো ঢাকা-নিউ জলপাইগুড়ি রেলপথে চলবে যাত্রীবাহী ট্রেন। গত ১৭ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মালবাহী ট্রেনের। ঢাকায় দু’দেশের প্রধানমন্ত্রী ২৭ মার্চ উদ্বোধন করবেন যাত্রীবাহী ট্রেনের।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নীলফামারীর চিলাহাটি স্টেশনে চলছে উন্নয়নের কাজ। চিলাহাটি জিরো পয়েন্ট পর্যন্ত ৭ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণসহ ভিআইপি গেস্ট হাউসের কাজ শেষ হলেও অত্যাধুনিক হাইটেক মডেলের রেলস্টেশন, দোতলা টিএক্সআর অফিস, কাস্টম অফিস, ইয়ার্ডে আরো ৫টি লাইন বসানোর কাজ চলছে জোরেশোরে।