তথ্যপ্রযুক্তির ব্যবহারে পুলিশের কার্যক্রমে গতি এসেছে: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‌‘একসময় পুলিশের তদন্ত ছিল সোর্সনির্ভর। এখন তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে প্রায় ৯০ ভাগ মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। একইসঙ্গে পুলিশের কার্যক্রমে ব্যাপক গতি এসেছে।’

আজ শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৩৯তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশকে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অনন্য অবদান রয়েছে। তারা তাদের মেধা, মনন ও শ্রম দিয়ে বাংলাদেশ পুলিশকে তিলে তিলে গড়ে তুলেছেন। অবসর গ্রহণের পরও তারা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন।’
তিনি বলেন, ‘আপনারা চাকরি জীবনে অক্লান্ত শ্রম দিয়ে দেশের সেবা করেছেন, এখন অবসরের পরও ক্লান্তিহীনভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিশেষ করে শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন।’

সভায় সমিতির পাঁচজন বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কর্মরত ৩ পুলিশ কর্মকর্তাকে এস এম আহসান স্মৃতি পুরস্কার এবং নির্যাতনের শিকার নারী ও শিশুর সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের জন্য একজন নারী পুলিশ কর্মকর্তাকে প্রফেসর এনামুল হক লিলি-ড. এম এনামুল হক পুরস্কার প্রদান করা হয়।