ক্রীড়া ডেস্ক : প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে জুলাইয়ের মাঝামাঝি অস্ট্রেলিয়ায় সিডনি এফসি ও ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচ খেলবে আর্সেনাল। এই সফরের জন্য তর সইছে না আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের।
আগামী ১৩ জুলাই সিডনি ও ১৫ জুলাই ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে আর্সেনাল। এরপর আর্সেন ওয়েঙ্গারের দল উড়ে যাবে চীনের সাংহাইয়ে। সেখানে তারা খেলবে বায়ার্ন মিউনিখ ও চেলসির সঙ্গে।
অস্ট্রেলিয়া সফর নিয়ে ওজিল বলেছেন, ‘শুনেছি সিডনি অনেক সুন্দর শহর, অনেক ভালো মানুষ সেখানে থাকে। অস্ট্রেলিয়া সম্পর্কে আমি বেশি কিছু জানি না, তবে শহরটাকে দেখার দারুণ সুযোগ এটি। আর্সেনালের সঙ্গে সেখানে যেতে সত্যিই খুব খুশি আমি।’
‘দুই বছর আগে সিঙ্গাপুর গিয়েছিলাম আমরা। ওটা দারুণ অভিজ্ঞতা ছিল। অস্ট্রেলিয়া সফরের জন্যও আমি মুখিয়ে আছি। সেখানে যাওয়ার জন্য তর সইছে না আমার’- যোগ করেন ওজিল।
গত মৌসুমে আর্সেনালের হয়ে আট গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছিলেন ২৮ বছর বয়সি জার্মান মিডফিল্ডার।


