তাইজুলের সামনে কেবল তিনজন

ক্রীড়া প্রতিবেদকঃ বল হাতে চলতি বছরটা দুর্দান্ত কাটছে বাংলাদেশ দলের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। দলের সেরা বোলার সাকিব আল হাসানের উপস্থিতি কিংবা অনুপস্থিতি- উভয় অবস্থাতেই চলতি বছর নিজেকে ছাড়িয়ে গেছেন ২৬ বছর বয়সী এ স্পিনার। চলতি বছর সাকিব বেশ কয়েকটি টেস্ট খেলতে না পারায় বোলিং নিয়ে যে দুশ্চিন্তার সৃষ্টি হয়েছিল, সেটিও দূর করেছেন নিজের স্পিন ঘূর্ণি দিয়ে।

বল হাতে চলতি বছরে তাইজুলের ক্যারিশমা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্ব ক্রিকেটেই উপরের দিকেও উঠে গেছেন তিনি। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারে সপ্তমবারের মতো নিয়েছেন পাঁচ উইকেট, একবার আছে ম্যাচে দশ উইকেটও।

তাইজুলের সাতটি পাঁচ উইকেটের মধ্যে চারটিই চলতি বছরে। সবমিলিয়ে এ বছর ৬ ম্যাচের ১১ ইনিংসে বোলিং করে ৪০টি উইকেট নিয়েছেন তাইজুল। যেখানে ক্যারিয়ারের আগের তিন বছরে তার উইকেট ছিলো মাত্র ৫৪টি।

২০১৮ সালে ৪০ উইকেট নিয়ে চলতি বছরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চার নম্বরে উঠে গেছেন নাটোরের ২৬ বছরের বয়সী এ তরুণ। এ বছর তার চেয়ে বেশি উইকেট রয়েছে কেবল তিনজন বোলারের। কাগিসো রাবাদা ৪৬ উইকেট নিয়ে রয়েছেন সবার উপরে। এরপরে রয়েছে জেমস অ্যান্ডারসন (৪৩) ও দিলরুয়ান পেরেরা (৪১)।

তবে তাইজুলের সামনে থাকা তিনজনই খেলেছেন তাইজুলের চেয়ে বেশি ম্যাচ। ৪৬ উইকেট নিতে রাবাদা বোলিং করেছেন ৯টি টেস্টের ১৮টি ইনিংসে, ইনিংসে পাঁচ উইকেট মাত্র ২বার। জিমি অ্যান্ডারসন খেলেছেন আরও বেশি। ১২ ম্যাচের ২২ ইনিংসে মাত্র ১ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। লংকান অফ স্পিনার দিলরুয়ান পেরেরাও পাঁচ উইকেট নিয়েছেন কেবল দুইবার, বোলিং করেছেন ৯ টেস্টের ১৭টি ইনিংসে।

সে তুলনায় বাকি তিনজনের চেয়ে অনেক এগিয়ে তাইজুল। মাত্র ৬ টেস্টে ১১ ইনিংস বোলিং করেই ঝুলিতে পুরেছেন ৪০টি উইকেট, ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চার বার। চলতি বছর ৪ বার পাঁচ উইকেট রয়েছে কেবল ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডারের। তবে তিনি ৬ ম্যাচের ১২ ইনিংস বোলিং করে নিয়েছেন ৩৩টি উইকেট।

চলতি বছর আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তাইজুল। ওই ম্যাচেও নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাইজুলের সামনে। তবে এরই মধ্যে বাংলাদেশি বোলারদের মধ্যে এক বছরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তিনি। ২০০৩ সালে মোহাম্মদ রফিকের নেয়াক ৩৩ উইকেটের রেকর্ড তিনি ভেঙেছিলেন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেট নেয়ার মাধ্যমেই।

চলতি বছর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা
* কাগিসো রাবাদা – ৪৬ উইকেট (৯ ম্যাচ)
* জিমি অ্যান্ডারসন – ৪৩ উইকেট (১২ ম্যাচ)
* দিলরুয়ান পেরেরা – ৪১ উইকেট (৯ ম্যাচ)
* তাইজুল ইসলাম – ৪০ উইকেট (৬ ম্যাচ)
* মোহাম্মদ আব্বাস – ৩৮ উইকেট (৭ ম্যাচ)

এক বছরে বাংলাদেশিদের সর্বোচ্চ উইকেট
* তাইজুল ইসলাম – ৪০* উইকেট, ২০১৮ সাল
* মোহাম্মদ রফিক – ৩৩ উইকেট, ২০০৩ সাল
* সাকিব আল হাসান – ৩০ উইকেট, ২০০৮ সাল
* মেহেদি হাসান মিরাজ – ২৯* উইকেট, ২০১৮ সাল
* সাকিব আল হাসান – ২৯ উইকেট, ২০১৭ সাল