ক্রীড়া ডেস্ক: ভারতের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে পৌঁছতে শেষ ৬ বলে ১২ রান লাগত ইংল্যান্ডের। কার্ডিফ বরাবরই ইংল্যান্ডের জন্য পয়মন্ত।
এবারও কার্ডিফ হতাশ করল না স্বাগতিক দলকে। ভুবনেশ্বর কুমারের করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরে ফিফটি তুলে নেন অ্যালেক্স হেলস। পরের বলে চার। তৃতীয় বলে এক রান। ডেভিড উইলি স্ট্রাইকে গিয়ে চতুর্থ বলে নিলেন আরও এক রান। তাতেই জয় ইংল্যান্ড। ভারতকে ৫ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা আনল ইংলিশরা।
শেষ ওভারে জয় পেলেও ইংল্যান্ডের বোলাররা জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে ৫ উইকেট তুলে ১৪৮ রানে আটকে রাখে বোলাররা। সহজ টার্গেটে শেষ ওভারে জয় নিশ্চিত হয় এউইন মরগানের দলের।
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো ছিল না ভারতের। ২২ রানে ভারত হারায় ৩ উইকেট। শুরুটা রোহিত শর্মাকে দিয়ে। জেক বলের শর্ট বল পুল করতে গিয়ে রোহিত (৫) ক্যাচ দেন বাটলারের হাতে। শেখর ধাওয়ান (১০) আউট হন রান আউটে কাটা পড়ে। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল (৬) বোল্ড হন লিয়াম প্ল্যাঙ্কেটের বলে।
তৃতীয় উইকেটে সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন অধিনায়ক বিরাট কোহলি। ২০ ব ২৭ রান করা রায়না সাজঘরে ফেরেন স্ট্যাম্পড হয়ে। আদীল রশিদের বলে এগিয়ে এসে মারতে গিয়ে বল মিস করেন বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো স্ট্যাম্পড হন রায়না।
একপ্রান্ত আগলে বিরাট ভারতের রানের চাকা সচল রাখেন। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে ডানহাতি এ ব্যাটসম্যান আউট হন ১৮তমও ওভারে। ডেভিড উইলির বলে পুল করতে গিলে লং লেগে ক্যাচ দেন ৪৭ রান করা বিরাট। ১ চার ও ২ ছক্কায় বিরাট তার ইনিংসটি সাজান।
শেষ দিকে ভারতের স্কোরবোর্ড সমৃদ্ধ করেন মাহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া। ধোনি ২৪ বলে ৩২ ও পান্ডিয়া ১০ বলে ১২ রানে অপরাজিত থাকেন। বল হাতে ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন উইলি, বল, প্ল্যাঙ্কেট ও রশীদ।
জবাবে ৪৪ রান তুলতে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। একে একে সাজঘরে ফেরেন জেসন রয় (১৫), জস বাটলার (১৪) ও জো রুট (৯)। তৃতীয় উইকেটে মরগান ও হেলস দলকে টেনে নেন ৯২ রান পর্যন্ত। বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। ১৭ রানে আউট হন মরগান। এরপর জনি বেয়ারস্টোর ২৮ ও অ্যালেক্স হেলসের অপরাজিত ৫৮ রানের সুবাদে সহজেই জয় পায় ইংল্যান্ড।
বল হাতে ভারতের হয়ে উমেশ যাদব সর্বোচ্চ ২টি উইকেট নেন।
অ্যালেক্স হেলসের হাতে উঠে ম্যাচসেরার পুরস্কার। রোববার ব্রিস্টলে দুই দলের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।


