তিতে মুখে নেইমারের প্রশংসায়

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ শেষ হয়ে গেল ব্রাজিলের। কোয়ার্টার ফাইনালেই থেমে গেল তাদের হেক্সা মিশন। বেলজিয়ামের কাছে ২-১ ব্যবধানে হেরে শেষ লাতিন দল হিসেবে শুক্রবার রাতে বিদায় নিয়েছে সেলেকাওরা। পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেললেও জয় বঞ্চিত হয়েছে তারা। নেইমার, কুতিনহো, ডগলাস কস্তারা প্রাণপণ চেষ্টা করেও হার এড়াতে পারেননি।

ম্যাচ শেষে নেইমারের প্রশংসা করেছেন ব্রাজিলের কোচ তিতে। তার মতে নেইমার প্রত্যাশার চেয়েও বেশি ভালো পারফরম্যান্স করেছেন। ইনজুরি থেকে সেরে উঠেই নেইমার যে এতোটা ভালো পারফরম্যান্স করবেন সেটা ধারনা করতে পারেননি তিতে।

তিতে বলেন, ‘নেইমার খুব উন্নতি করেছে। অল্প সময়ে সেরা ফর্মে ফিরেছে। মেক্সিকোর বিপক্ষের ম্যাচের আগে তার সঙ্গে আমরা কথা হয়েছিল। তখন আমি তাকে বললাম নেইমার তুমি তোমার শতভাগ দিতে পারছো। যখন পারফরম্যান্স করার ক্ষেত্রে শরীর ও মন সাবলিল থাকবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত। ওই ম্যাচে সে ম্যাচসেরা হয়েছিল। তার ড্রিবলিং, তার গতি অসাধারণ ছিল। কখনো কখনো খুবই দ্রুতগতির ফুটবল খেলেছে। আমি যতোটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও সে ভালো খেলেছে। আমি মনে করি তীব্র-প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খুব কম খেলোয়াড়ই আছে যারা এমন খেলতে পারে।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়েন নেইমার। তিন মাসের ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে যোগ দেন। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলে গোল পান তিনি। এরপর বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ও শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে গোল করেন তিনি। এছাড়া দুটি গোলে সহায়তাও করেছেন পিএসজির এই তারকা ফুটবলার।