জেলা প্রতিবেদকঃ দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল থেকে দূরপাল্লাসহ সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। পরিবহন শ্রমিকদের দায়ের করা মামলার আসামিদের পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের আশ্বাস দিলে আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে বাস চলাচল শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে এবং একই সময় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।
মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য গঠিত কমিটির সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, আসামিদের গ্রেফতারের জন্য আজ সকাল ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। তবে ১০টা পর্যন্ত একজন আসামিও গ্রেফতার না হওয়ায় বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ কর্মকর্তারা শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পুলিশের পক্ষ থেকে আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস দেয়া হলে শ্রমিকরা দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, পরিবহন শ্রমিকদের দু’পক্ষের মধ্যে মারামরির ঘটনায় এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে মামলা করেছেন। মামলার পর আসামিদের গ্রেফতারে থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়েছে। এমনকি রাতে আসামিদের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। তবে আসামিরা আত্মগোপন করায় গ্রেফতার সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পুনরায় অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাস চলাচলও শুরু হয়েছে।


