তুরাগে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর তুরাগে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় সঞ্জু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সঞ্জুর বাড়ি নেত্রকোনা জেলায় হলেও পরিবার নিয়ে তিনি তুরাগ চন্দাল ভোগ এলাকায় থাকতেন।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তালুকদার শাহিনুর আমির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেক্টর-১৫, কবরস্থান রোড এলাকায় রাস্তা হওয়ার সময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি সঞ্জুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, রাজধানীর মিরপুর-১০ বিআরটিএ অফিসের পাশের রাস্তায় ট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী মনোয়ারা। সন্তানদের সঙ্গে মিরপুর বিআরটিএ অফিসের পাশেই একটি বাসায় ভাড়া থাকতেন।
নিহত মনোয়ারার ভাগ্নি জামাই আলাউদ্দিন জানান, রোববার রাতে মনোয়ারা পাশেই আত্মীয়ের বাসায় যান এক রোগী দেখতে। পরে সেখান থেকে আরও তিন ভাগ্নিসহ তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। বিআরটিএ অফিসের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ‌এতে গুরুতর আহত হন তিনি।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।