ক্রীড়া ডেস্ক : মর্যাদার উইম্বলডনে সহজ জয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।
বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রতিপক্ষ দুসান লাজোভিচকে সরাসরি সেটে হারিয়েছেন তৃতীয় বাছাই ফেদেরার। ৭-৬ ৬-৩ ৬-২ গেমে জয় পেয়েছেন উইম্বলডনের সাতবারের চ্যাম্পিয়ন ফেদেরার।
অপর ম্যাচে অ্যাডাম পাভলাসেককে ৬-২ ৬-২ ৬-১ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জকোভিচ। পুরুষ এককে ষষ্ঠ বাছাই মিলোস রাওনিচ, অষ্টম বাছাই ডমিনিক টিম ও দশম বাছাই জেভেরেভও তৃতীয় রাউন্ডে উঠেছেন।
প্রতিপক্ষ খেলোয়াড়দের ইনজুরির সুযোগে আসরের প্রথম রাউন্ডে জয় পেতে সহজ হয়েছিল জকোভিচ ও ফেদেরারের। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বেশ দাপটের সঙ্গেই সরাসরি সেটে জিতে নিজেদের জানান দিলেন সময়ের সেরা এই দুই টেনিস তারকা।
পাভলাসেককে হারাতে মাত্র ৯০ মিনিট সময় নেন পুরুষ এককে র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা জকোভিচ। অন্যদিকে র্যাঙ্কিংয়ের ৭৯তম অবস্থানে থাকা লাজোভিচের বিপক্ষে শুরুর দিকে পয়েন্ট হারালেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নেন ৩৫ বছর বয়সি ফেদেরার।


