তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ

ক্রীড়া ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ১২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ।

প্যারিসের রোলাঁ গারোঁয় বুধবার প্রাক্তন নম্বর ওয়ান এই সার্বিয়ান তারকা স্পেনের জাওমি মুনারকে ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৪ গেমে হারান।

তৃতীয় রাউন্ডে আরেক স্প্যানিশ খেলোয়াড় ১৩তম বাছাই রবার্তো বাতিস্তা আগুতের মুখোমুখি হবেন রোলাঁ গারোঁয় ২০১৬ সালের চ্যাম্পিয়ন জকোভিচ।

মেয়েদের এককে র‍্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান তারকা সিমোনা হালেপ দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আমেরিকান অ্যালিসন রিসকের বিপক্ষে ২-৬, ৬-১, ৬-১ গেমে জেতেন গত বছরের রানার্সআপ হালেপ।