কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকা একেবারেই ফাঁকা। প্রথম দিনের তুলনায় আজ সড়কে মানুষের আনাগোনা অনেকটাই কম। বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি পয়েন্টেই তৎপর পুলিশ, সেনাবাহিনী, র্যাব সদস্যরা। অকারণে বের হলেই জরিমানা করা হচ্ছে, দেওয়া হচ্ছে মামলা।
সংক্রমণ রুখতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের অন্যতম, ‘বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়া।’ কেউ ঘর পেরিয়ে সড়কে নেমেছেন চা কিংবা সিগারেটের আসক্তি মেটাতে। শুক্রবার দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টির মাঝেও চোখে পড়ে সাধারণ মানুষের এমন অজুহাত। তবে প্রথম দিনের তুলনায় অনেকাংশেই কম ছিল মানুষের ঘরের বাইরে বের হওয়ার প্রবণতা।
এদিকে বৃষ্টি উপেক্ষা করে নগরজুড়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে, পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যদের৷ এ সময় প্রতিটি মানুষকেই পড়তে হয় আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হলে গুনতে হয় জরিমানা।
প্রথম দিনের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি কম থাকায় সন্তুষ্টি প্রকাশ করে দায়িত্বশীলরা বলছেন, সাধারণ মানুষের সহযোগিতা থাকলে সংক্রমণের রাশ টেনে ধরা সম্ভব হবে।
রাজধানীর প্রতিটা পয়েন্টেই দেখা যায় বৃষ্টিতে ভিজে পুলিশ সদস্যরা তাদের দ্বায়িত্ব পালন করছে। যাদের বাইরে যাওয়ার প্রয়োজন আছে তাদের যেতে দেওয়া হচ্ছে, বাকিদের ফেরত দেওয়া হচ্ছে, আবারও দেখা যাচ্ছে অনেকেই গুনতে হচ্ছে জরিমানা। পড়তে হচ্ছে শাস্তিতে।
পুলিশ জানায়, যাদের যাওয়ার অনুমতি রয়েছে। তাদের যেতে দিচ্ছি। বাকি কাউকে যেতে দিচ্ছি না।


