দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক:  ২০১৬ সাল ইংল্যান্ডের জন্য ভালো কাটেনি। আটটি ম্যাচ হেরেছে তারা। তবে সীমিত পরিসরে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করছে ইংলিশরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা। এবার টেস্ট সিরিজের পালা। সীমিত পরিসরের সিরিজ হারের পর টেস্ট সিরিজে প্রোটিয়ারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার। লর্ডস টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে আজ মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

এ ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন ইংল্যান্ডের জো রুট। গত ফেব্রুয়ারিতে অ্যালিস্টার কুকের পরিবর্তে রুটকে অধিনায়ক করে ইংল্যান্ড। দায়িত্ব পাওয়ার পর আজই ইংল্যান্ডকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন রুট। ২৬ বছর বয়সী ইয়র্কশায়ারের ব্যাটসম্যান রুটকে নিয়ে ইংল্যান্ড দারুণ আশাবাদী। দারুণ ব্যাটিং করে এরই মধ্যে নিজের প্রতিভা ক্রিকেট বিশ্বে তুলে ধরেছেন রুট। ইংল্যান্ডের আশা ব্যাটিংয়ের পাশাপাশি নিজের অধিনায়কত্বেও নজর কাড়বেন রুট।

ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকার সাফল্য বেশ ঈর্ষণীয়। ২০১২ সালে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা। লর্ডস টেস্টে তাদের সাফল্য আরও ঈর্ষণীয়। ১৯৬০ সালের পর দক্ষিণ আফ্রিকা লর্ডসে কোনো ম্যাচ হারেনি। চারটি ম্যাচ জিতেছে, ড্র করেছে দুটি। ইংল্যান্ডের মাটিতে ঈর্ষণীয় সাফল্য ধরে রাখার মিশন নিয়েই আজ থেকে লর্ডস টেস্টে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা।

 

দক্ষিণ আফ্রিকা দলে নেই এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস। স্ত্রী ও নবজাতকের পাশে থাকতে লর্ডস টেস্টে খেলতে পারছেন না ডু প্লেসিস। ভিলিয়ার্স রয়েছেন বিশ্রামে। দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিবেন ডিন এলগার।