ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ওয়ানডের জন্য স্পিনার রবীন্দ্রর জাদেজাকে বিশ্রাম দিয়েছিল ভারত। কিন্তু প্রথম ওয়ানডেতেই তাকে ফেরানো হল।
আজ দুপুরে চেন্নাইয়ে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম ওয়ানডেতেই দেখা যেতে পারে জাদেজাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই টেস্টের পর জাদেজাকে বিশ্রামে পাঠায় ভারত। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একমাত্র টি-টোয়েন্টি খেলেননি জাদেজা। টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলার কথা থাকলেও নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। সব মিলিয়ে দীর্ঘ ছুটি পেয়েছিলেন জাদেজা। জাদেজার পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলেননি রবীচন্দ্রন অশ্বিন। ওরচেস্টারশায়ারের জার্সিতে অশ্বিন কাউন্ট খেলছেন।
জাদেজাকে দ্রুত দলে ফেরানোর কারণও রয়েছে। প্রথম তিন ওয়ানডের জন্য সুযোগ পাওয়া অক্ষর প্যাটেল চোট পেয়েছেন। শনিবার দলের অনুশীলনে ফুটবল খেলার সময় বাম পায়ের গোড়ালিতে চোট পান অক্ষর। তার সুস্থ হয়ে ফিরতে সময় লাগবে বলে জাদেজাকে ওয়ানডে দলে যুক্ত করেছে টিম ইন্ডিয়া।
টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে জাদেজা দুই নম্বরে রয়েছেন। তবে ওয়ানডেতে ফর্ম ফিরে পেতে লড়াই করছেন বাঁহাতি এ স্পিনার। চ্যাম্পিয়নস ট্রফিতে ওভারপ্রতি গড়ে ৫.৯২ রান দিয়ে মাত্র ৪ উইকেট পেয়েছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন উইকেট শূন্য।


