ক্রীড়া ডেস্ক: উইন্ডিজ দলের হয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ খেলেছিলেন ক্রিস গেইল। ইডেন গার্ডেনসে ফাইনালের পর ক্যারিবীয় জার্সিতে দেখা যায়নি গেইলকে।
দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার রাতে আবারও গেইলকে দেখা গেল উইন্ডিজের জার্সিতে। ইংল্যান্ডের বিপক্ষে ডারহামে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ব্যাটিং দানব। প্রত্যাবর্তনের ম্যাচটি স্মরণীয় করে রাখেন গেইল। একে তো ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। পাশাপাশি ব্যাট হাতে গেইল নতুন কীর্তি গড়েছেন।
প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে একশ ছক্কা মারার রেকর্ড গড়েছেন ৩৭ বছর বয়সি গেইল। দলের জয়ের দিনে গেইলের ব্যাট থেকে আসে ৪০ রান। ২১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান গেইল।মাইলফলকে পৌঁছতে গেইলের প্রয়োজন ছিল মাত্র এক ছক্কার। ইংল্যান্ডের বাঁহাতি পেসার ডেভিড উইলির করা তৃতীয় ওভারের তৃতীয় বলে ছয় মেরে একশ ছক্কার স্বাদ নেন গেইল। এরপর আরও তিনটি ছক্কা হাঁকান টি-টোয়েন্টি ক্রিকেট ফেরি করে বেড়ানো গেইল। সব মিলিয়ে গেইলের ছক্কার সংখ্যা ১০৩।
ইংল্যান্ডের বিপক্ষে গেইল সর্বোচ্চ ২৮টি ছক্কা মেরেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ছক্কা মেরেছেন। সবথেকে কম ২টি করে ছক্কা মেরেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। আয়ারল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ছক্কার খাতা খুলতে পারেননি মারকুটে এ ব্যাটসম্যান।
টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর তালিকায় পরের চারটি পজিশনে আছেন ব্রেন্ডন ম্যাককালাম (৯১), শেন ওয়াটসন (৮৩), মার্টিন গাপটিল (৭৬) এবং যুবরাজ সিং (৭৪)।


