দাদা-দাদির পাশে সমাহিত হবেন সার্জেন্ট কিবরিয়া

জেলা প্রতিনিধি: যমুনা গ্রুপের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেলকে আজ বুধবার সুবিদখালী সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে সমাহিত করা হবে। পারিবারিকভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ৮টায়  তথ্য নিশ্চিত করেছেন নিহতের খালু গাজী খলিলুর রহমান। খালু গাজী খলিলুর রহমান বলেন, ‘গতকাল আসরের পরে ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে মিকেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।’

বুধবার সকাল ৮টায় বরিশাল পুলিশ লাইনে দ্বিতীয় জানাজা হবে। বেলা ১১টায় তৃতীয় জানাজা সুবিদখালী সরকারি রয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সুবিদখালী সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হবেন মিকেল।

তিনি বলেন, ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। অ্যাম্বুলেন্সের পাশের গাড়িতে মিকেলের বাবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ইউনুস আলী সরদার, মা, স্ত্রী, শিশু সন্তান ও ছোট বোন রয়েছে।’

বরিশালের সার্জেন্ট টুটুল মুঠোফোনে বলেন, অ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে সহকর্মী কিবরিয়ার মরদেহ নিয়ে সাড়ে ৫টায় রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব।

উল্লেখ্য, সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠি জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া। দুপুর সোয়া ১২টার দিকে পটুয়াখালীগামী যমুনা গ্রুপের বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানকে (ঢাকা-মেট্রো-উ-১২-২০৫৪) থামার সংকেত দেন সার্জেন্ট কিবরিয়া।

কাভার্ডভ্যানটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সার্জেন্ট কিবরিয়া একটি মোটরসাইকেলে ধাওয়া করে কাভার্ডভ্যানটির সামনে গিয়ে ফের তাকে থামার সংকেত দেন। কাভার্ডভ্যানচালক জলিল মিয়া এ সময় মোটরসাইকেল আরোহী সার্জেন্ট কিবরিয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার দুই পায়ের ৪টি স্থান ভেঙে যায় এবং মূত্রথলি ক্ষতিগ্রস্ত হয়।