ক্রীড়া প্রতিবেদক : ১৫ ইনিংসে ৩৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানী। অথচ লিগ শুরুর আগে তার জীবনটাই ছিল টালমাটাল। এক নারীর মামলায় খেটেছেন জেলও! তবে সেসব পেছনে ফেলে সানী বল হাতে দেখিয়েছেন জাদু। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন দুবার। সেরা বোলিং ৫৬ রানে ৬ উইকেট। তার দল প্রাইম দোলেশ্বর হয়েছে রানার্সআপ।
ডানহাতি পেসার আল-আমিন হোসেন ১৪ ইনিংসে ২৯ উইকেট নিয়ে আছেন তিনে। ইনিংসে পাঁচ উইকেট একবার। প্রাইম ব্যাংকের হয়ে খেলা আল-আমিনের সেরা বোলিং ৪৯ রানে ৫ উইকেট। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আল-আমিনের সমান ২৯ উইকেট নিয়েছেন ১৬ ইনিংসে। পাঁচ উইকেট একবার। ১১ ইনিংসে ২৭ উইকেট নিয়ে শীর্ষ পাঁচে একমাত্র বিদেশি বোলার আবাহনীর ভারতীয় স্পিনার মানান শর্মা।
এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে দাপট দেখিয়েছেন বাঁহাতি বোলাররা। লিগ শেষে শীর্ষ পাঁচ বোলারের চারজনই বাঁহাতি! সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে আছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি।
লিগের প্রথম পর্ব শেষে শীর্ষ পাঁচ বোলারের মধ্যে একমাত্র পেসার ছিলেন রনি। প্রথম পর্বে ১১ ইনিংসে ২২ উইকেট নিয়েছিলেন তিনি। সুপার লিগে ৫ ইনিংসে নিয়েছেন আরো ১৩ উইকেট। সব মিলিয়ে ১৬ ইনিংসে ৩৫ উইকেট নিয়ে গাজী গ্রুপের শিরোপা জয়ে বড় অবদান রাখেন ২১ বছর বয়সি পেসার। রনি ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন একবার। সেরা বোলিং ৩৫ রানে ৬ উইকেট।


