ক্রীড়া ডেস্ক: মৌসুমের শেষ সময়ে এসে লিগে খুনে হয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে গতকাল ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার প্রশিক্ষিত দলটি।
লিগে এমন দাপুটে জয়ে ইংলিশ লিগ টেবিলে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ম্যানসিটি। ফলে টেবিলের চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিতের পথে রয়েছে দলটি।
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ক্রিস্টাল প্যালেসকে চেপে ধরে ম্যানসিটি। ফলে ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের দেখা পায় দলটি। এ সময় ম্যানসিটিকে এগিয়ে দেন স্প্যানিশ তারকা ডেভিড সিলভা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় তারা।
বিরতির পর আরও ভয়াবহ রূপে দেখা যায় ম্যানসিটিকে। ম্যাচের ৪৯ মিনিটে ভিনসেন্ট কোম্পানির গোলে ব্যবধান দিগুণ হয় স্বাগতিকদের। আর ৫৯ মিনিটে ক্রিস্টাল প্যালেসের জালে আরেক গোল করেন কেভিন ডি ব্রুইন। ম্যাচের ৮২ মিনিটে সিটির চতুর্থ গোলটি করেন রহিম স্টার্লিং। আর ইনজুরি সময়ে ক্রিস্টাল প্যালেসের জালে শেষ গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি।
ঘরের মাঠের এ জয়ের ফলে ৩৫ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৬৯। সমান ম্যাচ ও পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে চতু্র্থ স্থানে লিভারপুল। আর ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চেলসি।


